মেরিন ফিশারিজ রিসার্চ সেন্টারে কালভার্ট নির্মাণঃ সাত ফুট উঁচু ঢাল থেকে মাটি ধসে দুই শ্রমিক নিহত
একটি নালার ওপর কালভার্ট নির্মাণের জন্য ভিত্তির কাজ চলছিল।

বে ইনসাইট ডেস্ক
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণকাজের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।
সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, একটি নালার ওপর কালভার্ট নির্মাণের জন্য ভিত্তির কাজ চলছিল। এ সময় প্রায় সাত ফুট উঁচু পাশের ঢাল থেকে মাটি ধসে নিচে কর্মরত শ্রমিকদের ওপর পড়ে। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে থাকা শ্রমিক আব্দুল খালেক জানান, নিহত মোহাম্মদ ইলিয়াস তার চাচাতো ভাই এবং মো. রাকিব তার ভাগিনা। আহত মো. শাহজাহানও তাদের স্বজন।
তিনি বলেন, কালভার্ট নির্মাণের জন্য বেইজ বা ভিত্তির কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে তিনজন চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ও আহত তিন শ্রমিকই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ঘটনাস্থলটি পাহাড়ি এলাকার মতো হলেও সেখানে কোনো বড় পাহাড় নেই। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের লোকজনের চলাচলের সুবিধার জন্য নালার ওপর কালভার্ট নির্মাণ করা হচ্ছিল।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো ইলিয়াস জানান, শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়ায় কাজ করানো হচ্ছিলো। নাহয় এতো কম উঁচু ঢালের মাটি পড়ে মারা যাওয়ার কথা না।
Share this article
Leave a Comment
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!