চকরিয়ায় বাসের চাপায় লেগুনার ৪ যাত্রী নিহত
সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ। বিপরীত দিক থেকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি লেগুনা।

। বে ইনসাইট রিপোর্ট ।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাসের চাপায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মালুমঘাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
মালুমঘাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ। বিপরীত দিক থেকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল একটি লেগুনা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, খুটাখালী নয়াপাড়া এলাকায় বাসটি লেগুনাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল মারা যান। আর মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।
মালুমঘাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আহত ৫ জনের মধ্যে একজন কক্সবাজার সদর হাসপাতাল ও অন্য ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহত জসিম উদ্দিন এর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে বলে জানান শামসুজ্জামান।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আইনী প্রক্রিয়া শেষে কক্সবাজার মর্গে থাকা তিন জনের মধ্যে দুইজনের লাশ স্বজনদের কাছে দেয়া হয়েছে।
Share this article
Leave a Comment
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!